নিজ সংবাদ:
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির বিরুদ্ধে পুলিশ ও বিচার বিভাগকে দলীয়করণের অভিযোগ তুলেছেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। সোমবার (২৫ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের পায়রা চত্বরে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপি সরকার আওয়ামী লীগের পথ অনুসরণ করে পুলিশকে দলীয় লাঠিয়াল বাহিনীতে পরিণত করছে।
তিনি অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থানের পর দলনিরপেক্ষ পুলিশ বাহিনী গঠনের প্রত্যাশা থাকলেও বাস্তবে পুলিশ সদস্যদের একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের আদর্শে পরিচালিত করা হচ্ছে। প্রমোশন ও পোস্টিংয়ের ভয় দেখিয়ে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে তিনি পুলিশ সদস্যদের অতীত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।
বিচার বিভাগ নিয়েও তীব্র সমালোচনা করেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্ত করে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন করা হয়েছে এবং বিচারকদের ওপর রাজনৈতিক প্রভাব বিস্তার করা হচ্ছে। তাঁর ভাষ্য, বিচারকদের রায়ও এখন ‘রিমোট কন্ট্রোলে’ পরিচালিত হচ্ছে।
সম্প্রতি ঝিনাইদহে এনসিপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্রীয়ভাবে পরিকল্পিত বলেও অভিযোগ করেন তিনি। নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় মামলা নিতে বিলম্ব হওয়ায় পুলিশের সমালোচনা করেন এবং এনসিপির কয়েকজন নেতাকে গ্রেপ্তারের সময় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্যসচিব তারেক রেজা, কেন্দ্রীয় যুবশক্তির সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদসহ দলীয় নেতারা। পরে এনসিপি ও যুবশক্তির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন।
