‘নাসীরুদ্দীন পাটওয়ারী’ নামে ভাইরাল কোরবানির গরু

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর হাটে নানা আকর্ষণের মধ্যে এবার আলোচনায় এসেছে ব্যতিক্রমধর্মী নামের এক বিশালাকৃতির কালো ষাঁড়। গরুটির মালিক শখ করে তার গরুর নাম রেখেছেন ‘নাসীরুদ্দীন পাটওয়ারী’। আর এই নাম নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা ও হাস্যরস।

রোববার (২৪ মে) গরুটি ও তার মালিকের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। এরপর থেকেই কোরবানির হাটে গরুটিকে এক নজর দেখতে ভিড় করছেন উৎসুক মানুষজন।

ভাইরাল ভিডিওতে গরুর মালিককে বলতে শোনা যায়, গরুটি অনেক বেশি চিৎকার করে এবং খাবার কম পেলেই অস্থির হয়ে ওঠে। মূলত এই স্বভাবের কারণেই তিনি গরুটির এমন নাম রেখেছেন। তিনি মজার ছলে বলেন, “অনেক চিল্লায় দেখে নাম রাখছি নাসীরুদ্দীন পাটওয়ারী।”

খামারি আরও জানান, বিশাল আকৃতির এই ষাঁড়টি একবারেই প্রায় ১২ কেজি চালের জাউ খেয়ে ফেলে। এছাড়া প্রতিদিন নিয়মিত ঘাস ও খড় দিতে হয়। বর্তমানে গরুটির দাম হাঁকা হচ্ছে প্রায় ৯ লাখ টাকা। উপযুক্ত দাম পেলেই সেটি বিক্রি করে দেবেন বলে জানান তিনি।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যেও শুরু হয়েছে নানা রসিকতা ও মন্তব্য। কেউ বলছেন, “নাম শুনে গরু রাগ করবে না তো!” আবার কেউ মন্তব্য করেছেন, “ফিড বেশি খাওয়ানো হয়েছে বলেই এত চিল্লায়।” ঈদের আগে এমন ব্যতিক্রমী নামের গরু এখন হাটের অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠেছে।