নওগাঁর পত্নীতলায় ট্রাকচাপায় অটোরিকশা চালকসহ নিহত ২

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

নওগাঁর পত্নীতলা উপজেলার গাহন মোড়ে গভীর রাতে ডাম্প ট্রাকের চাপায় অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) রাত ২টার দিকে নজিপুর-ধামইরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন মহাদেবপুর উপজেলার সুজাইল গ্রামের অটোরিকশাচালক আবু হাসান (৪৬) এবং ধামইরহাট উপজেলার দুর্গাপুর গ্রামের তরিকুল ইসলাম (৪৫)।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক জানান, রাতে তরিকুল ইসলামকে নিয়ে অটোরিকশা চালিয়ে গাহন মোড় অতিক্রম করছিলেন আবু হাসান। এ সময় দ্রুতগতির একটি ডাম্প ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক ও যাত্রীর মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়। পুলিশ জানায়, দুর্ঘটনার পর ট্রাকচালক গাড়িসহ পালিয়ে গেছে। তাকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।