নিজ সংবাদ:
ভারতের দিল্লিতে ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দেওয়ার পর মোস্তাক আহমেদ সাগর (২৫) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। শনিবার (২৩ মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়ার পর তিনি আত্মহত্যা করেন বলে জানিয়েছে পরিবার।
নিহত সাগর জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ঘুঘুমারি এলাকার মোশারফ হোসেন মিন্টুর ছেলে। তিনি ভারতের দিল্লির ফরিদাবাদে অবস্থিত ‘মানব রচনা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড স্টাডিজ’-এ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন।
নিহতের বাবা মোশারফ হোসেন মিন্টু জানান, ফেসবুক পোস্টে সাগর বাবা-মায়ের কাছে ক্ষমা চেয়ে নিজের হতাশা, মানসিক কষ্ট ও ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের কথা লিখেছিলেন। পোস্টে তিনি নিজের প্রিয় মানুষকে দোষারোপ না করার অনুরোধও জানান।
পোস্ট দেওয়ার কিছু সময় পর হোস্টেলের কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায় বলে খবর পান পরিবারের সদস্যরা। মৃত্যুর সংবাদে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
মোশারফ হোসেন মিন্টু বলেন, উচ্চশিক্ষার জন্য ছেলেকে ভারতে পাঠানো হয়েছিল। সম্প্রতি একটি সম্পর্কজনিত কারণে সে মানসিকভাবে ভেঙে পড়েছিল। তাকে দেশে ফিরে আসার জন্য বলা হলেও সে আর ফেরেনি।
এদিকে, মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় গণমাধ্যমকে বলেন, “বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক।”
