বাংলাদেশি পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

বাংলাদেশি পাসপোর্টে আবারও যুক্ত হচ্ছে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দটি। পাশাপাশি পাসপোর্টে দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও দর্শনীয় স্থানগুলোকে গুরুত্ব দিয়ে উপস্থাপন এবং টাকার নোটে বীরশ্রেষ্ঠদের ছবি সংযোজনের কথাও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৪ মে) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সামনে যে পাসপোর্টগুলো ইস্যু করা হবে, সেখানে আগের মতোই ‘একসেপ্ট ইসরায়েল’ বা ‘ইসরায়েল ব্যতীত’ লেখা থাকবে। এটি সরকারের সিদ্ধান্ত এবং দেশের সাধারণ মানুষেরও প্রত্যাশা।”

তিনি বলেন, বিগত সরকারের সময়ে পাসপোর্টের ভিসা পাতায় ব্যক্তিকেন্দ্রিক উপস্থাপনা দেখা গেছে, যা দেশের সংস্কৃতি ও জনগণের প্রতিনিধিত্ব করে না। নতুন করে পাসপোর্ট সাজানোর ক্ষেত্রে বাংলাদেশের ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়কে গুরুত্ব দেওয়া হবে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ভবিষ্যতে টাকার নোটে বীরশ্রেষ্ঠদের ছবি সংযোজন করা হবে। এছাড়া পাসপোর্টে জাতীয় স্মৃতিসৌধ, টাঙ্গুয়ার হাওর, কক্সবাজার সমুদ্রসৈকতের মতো দেশের গুরুত্বপূর্ণ ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরা হবে।

তিনি বলেন, “আমরা এমনভাবে পাসপোর্ট তৈরি করতে চাই, যাতে সেখানে বাংলাদেশের প্রকৃত পরিচয়, সংস্কৃতি ও মানুষের ভাবনা প্রতিফলিত হয়। জাতীয় বিষয়গুলোকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে উপস্থাপনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই।”