ত্রিশালে ধরার খাল পুনর্খননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শনিবার, সেপ্টে ১২, ২০২৬
নিজ সংবাদ:
তারেক রহমান ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিয়ারপুরে মৃতপ্রায় ধরার খাল (বৈলর খাল) পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করেছেন। শুক্রবার (২৩ মে) দুপুরে ঢাকা থেকে সড়কপথে ত্রিশালে পৌঁছে তিনি আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির সূচনা করেন।

ঝড়-বৃষ্টির মধ্যেই প্রধানমন্ত্রী প্রথমে খালের উদ্বোধনী ফলক উন্মোচন করেন। পরে খালের পাড়ে নেমে কোদাল দিয়ে মাটি কেটে পুনর্খনন কাজের উদ্বোধন করেন। এ সময় তিনি খালের পাশে একটি তালগাছের চারা রোপণও করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, স্থানীয় সংসদ সদস্য মাহবুবুর রহমান লিটন এবং ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স

উল্লেখ্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালের ৬ সেপ্টেম্বর ৩ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এই খালটি খনন করেছিলেন। সময়ের ব্যবধানে খালটি প্রায় মৃতপ্রায় হয়ে পড়ে।

পুনর্খননস্থল পরিদর্শনের পর প্রধানমন্ত্রী স্থানীয় জনতার উদ্দেশে বক্তব্য দেন। এ সময় দলীয় নেতা-কর্মী, নারী, কৃষক ও শিশুদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। উপস্থিত জনতা করতালির মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।