ইরান আলোচনায় ইসরায়েলকে পাশ কাটাচ্ছে যুক্তরাষ্ট্র

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের সঙ্গে চলমান আলোচনায় ইসরায়েলকে প্রায় পুরোপুরি বাইরে রেখেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের দুই প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এ তথ্য প্রকাশ করেছে। পরে ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি চুক্তির আগের গুরুত্বপূর্ণ আলোচনাগুলোতে ইসরায়েলকে সম্পৃক্ত করা হয়নি। এমনকি যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যকার আলোচনা কতদূর এগিয়েছে, সে বিষয়েও ইসরায়েল আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পায়নি। বরং আঞ্চলিক কূটনৈতিক যোগাযোগ ও নিজেদের গোয়েন্দা নজরদারির মাধ্যমে তারা পরিস্থিতি সম্পর্কে ধারণা নেয়।

সংবাদমাধ্যমটির দাবি, চলতি বছরের শুরুতে ইরানকে কেন্দ্র করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে ছিলেন। সে সময় ওয়াশিংটনের সিচুয়েশন রুমের আলোচনায়ও ইসরায়েলের সক্রিয় ভূমিকা ছিল।

তবে বর্তমান পরিস্থিতিকে বড় ধরনের কূটনৈতিক পরিবর্তন হিসেবে দেখছে বিশ্লেষকরা। প্রতিবেদনে বলা হয়েছে, সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্র থেকে হঠাৎ করেই ইসরায়েলকে অনেকটা ‘ইকোনমি ক্লাসে’ নামিয়ে আনা হয়েছে, যা দেশটির জন্য দীর্ঘমেয়াদে গুরুতর রাজনৈতিক ও কৌশলগত প্রভাব ফেলতে পারে।