নিজ সংবাদ:
পাবনা আদালতে বিচার চলাকালে এক আসামির কাছে মাদক সরবরাহের ঘটনায় দুই আসামিকে তাৎক্ষণিক কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২০ মে) দুপুরে পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ৭ম তলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪র্থ আদালতের এজলাসে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাতে বিষয়টি প্রকাশ্যে আসে।
আদালত সূত্রে জানা যায়, হত্যা মামলায় হাজিরা দিতে আসা আসামি মো. তুর্য্য ইসলাম আশিফ কাঠগড়ায় থাকা দস্যুতা মামলার আসামি মো. সুজন আহমেদ রনি-র কাছে মাদকদ্রব্য সরবরাহ করছিলেন। বিষয়টি আইনজীবী ও দায়িত্বরত পুলিশ সদস্যদের নজরে এলে সঙ্গে সঙ্গে তাদের তল্লাশি করা হয়।
তল্লাশিতে আশিফের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা এবং রনির কাছ থেকে চার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে কোর্ট পুলিশ লিখিত অভিযোগ দাখিল করলে আদালত তাৎক্ষণিক সংক্ষিপ্ত বিচার কার্যক্রম পরিচালনা করেন। বিচার শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তুর্য্য ইসলাম আশিফকে ছয় মাসের কারাদণ্ড এবং সুজন আহমেদ রনিকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ বিষয়ে পাবনা আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম সরোয়ার খান জুয়েল বলেন, আদালতের মতো জায়গায় মাদক সরবরাহের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তিনি আশা প্রকাশ করেন, তাৎক্ষণিক এই শাস্তি অপরাধ প্রবণতা কমাতে কার্যকর ভূমিকা রাখবে।
