রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ গেলো মাদারীপুরের যুবক সুরুজের

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

রাশিয়ার সেনাবাহিনীর হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নিতে গিয়ে নিহত হয়েছেন মাদারীপুরের যুবক সুরুজ কাজী (৩৫)। গত সোমবার প্রতিপক্ষের হামলায় তার মৃত্যু হয় বলে পরিবার জানিয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় স্বজনরা বিষয়টি নিশ্চিত করেন। নিহত সুরুজ মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ খাগড়াছড়া এলাকার শাহাবুদ্দিন কাজীর ছেলে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বাড়িতে নেমে আসে শোকের ছায়া।

পরিবার সূত্রে জানা যায়, উন্নত জীবনের আশায় দালালের মাধ্যমে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন সুরুজ। পরে ভিসা জটিলতায় আট মাস আগে রাশিয়া যান। সেখানে কাজের কথা থাকলেও পরে দালালের খপ্পরে পড়ে রুশ সেনাবাহিনীতে যোগ দেন। সম্প্রতি যুদ্ধে গিয়ে মাইন বিস্ফোরণে নিহত হন তিনি। সুরুজের বাবা শাহাবুদ্দিন কাজী বলেন, “ভালো থাকার আশায় বিদেশে গিয়েছিল ছেলে। এখন শুধু তার মরদেহটা শেষবার দেখতে চাই।” পরিবারের দাবি, দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে আনা হোক।

দুই বছর বয়সী সন্তান হারানোর তিন মাসের মাথায় স্বামীকেও হারিয়ে ভেঙে পড়েছেন স্ত্রী সুমাইয়া আক্তার। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আমার স্বামীও নাই, সন্তানও নাই। এখন আমি কীভাবে বাঁচব ?” এ ঘটনায় সহায়তার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব। পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে জানান তিনি।