হজের সময় যুদ্ধ এড়াতে ইরানে হামলা স্থগিত

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হজের মৌসুমে মুসলিম বিশ্বে নেতিবাচক প্রতিক্রিয়া ও বৈশ্বিক বিমান চলাচল বিপর্যয়ের আশঙ্কায় ইরানের ওপর পরিকল্পিত সামরিক হামলা স্থগিত করেছেন বলে দাবি করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম Middle East Eye

প্রতিবেদনে বলা হয়, উপসাগরীয় অঞ্চলের কয়েকজন শীর্ষ কর্মকর্তা ট্রাম্প প্রশাসনকে সতর্ক করে জানান, পবিত্র হজের সময় ইরানে হামলা চালানো হলে লাখ লাখ হাজি চরম সংকটে পড়বেন এবং মুসলিম বিশ্বে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ বিমান রুটগুলো অচল হয়ে পড়ার আশঙ্কাও তুলে ধরা হয়।

সূত্রগুলো জানায়, চলতি বছরের হজ শুরু হওয়ার আগেই লাখ লাখ মুসল্লি সৌদি আরব-এ পৌঁছে গেছেন। এ অবস্থায় যুদ্ধ শুরু হলে সৌদি আরব, কাতারসংযুক্ত আরব আমিরাত-সহ উপসাগরীয় দেশগুলোর বিমান চলাচল ও অবকাঠামো বড় ধরনের সংকটে পড়তে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, উপসাগরীয় নেতাদের অনুরোধে ট্রাম্প সাময়িকভাবে হামলা স্থগিত করলেও যুদ্ধের ঝুঁকি এখনো পুরোপুরি কাটেনি। কয়েকজন কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, হজ শেষে আবারও ইরান-কে ঘিরে সামরিক উত্তেজনা বাড়তে পারে।

এদিকে ইরান আগেই সতর্ক করেছে, তাদের জ্বালানি বা বেসামরিক স্থাপনায় নতুন করে হামলা হলে তারা উপসাগরীয় অঞ্চলের অবকাঠামো ও মার্কিন স্বার্থকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি আরও জটিল হলে বৈশ্বিক জ্বালানি বাজার ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়তে পারে।