নিজ সংবাদ:
এ এম এম নাসির উদ্দিন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনকে সহিংসতামুক্ত ও রক্তপাতহীন করতে চায় নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২১ মে) সকালে রাজধানীর একটি হোটেলে Asian Network for Free Elections আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচন এখন নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্য রয়েছে কমিশনের।
তিনি বলেন, “স্থানীয় নির্বাচনে যাতে কোনো সহিংসতা না হয়, সেটাই আমাদের মূল লক্ষ্য। বর্তমান সরকার জনগণের সরকার। আমরা বিশ্বাস করি, সরকার দেশের মঙ্গলের জন্য সুষ্ঠু নির্বাচনে সহায়তা করবে।”
সিইসি আরও বলেন, জাতীয় নির্বাচনের তুলনায় স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও উত্তেজনা বেশি থাকায় সেখানে সহিংসতার আশঙ্কাও বেশি থাকে। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কমিশন বিশেষ গুরুত্ব দিচ্ছে।
এদিকে সংস্থাটির চেয়ারম্যান রোহানা হেতিয়ারাসসি বলেন, পৃথিবীর কোনো নির্বাচনই পুরোপুরি নিখুঁত নয়। তবে বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন অতীতের তুলনায় অনেক বেশি তাৎপর্যপূর্ণ ও অংশগ্রহণমূলক ছিল। তিনি মনে করেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ধীরে ধীরে আরও উন্নতির দিকে এগোচ্ছে।
