সরকারের প্রয়োজন হলে মাঠেই থাকবে সেনাবাহিনী: সেনাপ্রধান

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, যতদিন সরকার চাইবে ততদিন দেশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করে যাবে সেনাবাহিনী। বৃহস্পতিবার (২১ মে) সকালে কুমিল্লা সেনানিবাস-এ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান জানান, ২০২৪ সালের ২০ জুলাই থেকে দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনাসদস্যরা মাঠে কাজ করে যাচ্ছেন। বর্তমানে দেশের ৬২টি জেলায় প্রায় ১৬ থেকে ১৭ হাজার সেনাসদস্য মোতায়েন রয়েছেন। তিনি বলেন, “আমরা অনেক সেনাসদস্য প্রত্যাহার করেছি, তবে এখনো পুরোপুরি ব্যারাকে ফিরিয়ে নেওয়া হয়নি। আশা করছি, কিছু সময়ের মধ্যে সবাই ব্যারাকে ফিরতে পারবে। তারপরও দেশের প্রয়োজনে বিভিন্ন কাজে সরকারকে সহায়তা করতে হবে।”

তিনি আরও বলেন, সেনাবাহিনীর মূল দায়িত্ব যুদ্ধের জন্য প্রস্তুত থাকা এবং নিয়মিত প্রশিক্ষণ চালিয়ে যাওয়া। দীর্ঘদিন মাঠপর্যায়ে দায়িত্ব পালনের কারণে অনেক প্রশিক্ষণ কার্যক্রম সীমিত ছিল। এখন ধীরে ধীরে সেই কার্যক্রম আবার শুরু করা হচ্ছে।

ফায়ারিং প্রতিযোগিতা প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, সেনাসদস্যদের দক্ষতা ও সক্ষমতা এখনো অটুট রয়েছে, যা অত্যন্ত ইতিবাচক দিক।

উল্লেখ্য, গত ১৬ মে সদর দপ্তর ৩৩ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা শুরু হয়। এতে সেনাবাহিনীর ১৭টি দল অংশ নেয়। প্রতিযোগিতায় ১৭ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং প্যারা কমান্ডো ব্রিগেড রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।