ইবিতে শিক্ষকদের প্রায় ১০ কোটি টাকা বকেয়া

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

ইসলামী বিশ্ববিদ্যালয়-এর শিক্ষকদের পরীক্ষাসংক্রান্ত বিভিন্ন খাতের প্রায় ১০ কোটি টাকা বকেয়া পড়ে আছে। দীর্ঘদিন ধরে নিয়মিত বিল পরিশোধ না করা এবং পাওনার তুলনায় কম টাকা দেওয়ায় এ সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ শিক্ষকদের।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতি সেমিস্টারে প্রশ্নপত্র প্রণয়ন, উত্তরপত্র মূল্যায়ন, মডারেশন, মৌখিক পরীক্ষা, থিসিস ও পরীক্ষা পরিদর্শনসহ বিভিন্ন খাতে শিক্ষকদের জন্য নির্দিষ্ট অর্থ বরাদ্দ থাকে। তবে গত প্রায় পাঁচ বছর ধরে এসব বিল নিয়মিত পরিশোধ না হওয়ায় বকেয়ার পরিমাণ ক্রমেই বেড়েছে।

শিক্ষকদের অভিযোগ, আগে বিভাগভিত্তিক বাজেট দেওয়া হলেও বর্তমানে শিক্ষকসংখ্যা অনুযায়ী অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে। ফলে যেসব বিভাগে শিক্ষক কম, সেসব বিভাগের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। নতুন বিভাগগুলোতে অল্পসংখ্যক শিক্ষক দিয়ে সমপরিমাণ পরীক্ষা কার্যক্রম পরিচালনা করতে হলেও তাদের বকেয়া বাড়ছে।

বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব শাখার তথ্য অনুযায়ী, বর্তমানে ৩৬টি বিভাগের পরীক্ষার বিল বাবদ প্রায় ৭ কোটি ৩০ লাখ টাকার বেশি বকেয়া রয়েছে। এর মধ্যে গণিত, ফলিত রসায়ন, মানবসম্পদ ব্যবস্থাপনা, ফিন্যান্স ও ইইই বিভাগের বকেয়ার পরিমাণ সবচেয়ে বেশি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষকদের পাওনা পরিশোধে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ায় সংকট তৈরি হয়েছে। তবে ভবিষ্যতে বাজেট পরিস্থিতির উন্নতি হলে বকেয়া পরিশোধের চেষ্টা করা হবে বলে জানান তিনি।