আদালতে হাজিরা দিতে এসে গরমে বিরক্ত সালমান এফ রহমান

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

ঢাকার মহানগর আদালতে হাজিরা দিতে এসে তীব্র গরম ও নিরাপত্তা সরঞ্জামের কারণে বিরক্তি প্রকাশ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান

বুধবার (২১ মে) সকাল সাড়ে ৯টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে তাকে ঢাকার মহানগর আদালতে আনা হয়। আদালত প্রাঙ্গণে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে প্রিজন ভ্যান থেকে নামিয়ে হাজতখানায় নেওয়ার সময় বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও হাতকড়া পরিয়ে দেন। এ সময় অস্বস্তি প্রকাশ করে সালমান এফ রহমান বলেন, “এই গরমে এসব পরে মরেই যাবো।”

একই প্রিজন ভ্যানে আদালতে আনা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খান-কে। জানা গেছে, মানি লন্ডারিংয়ের দুটি মামলায় হাজিরা দিতে তাদের আদালতে নেওয়া হয়েছে।

এদিকে পৃথক একটি প্রিজন ভ্যানে আদালতে আনা হয় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক-কে। অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি থাকা পলককে পুলিশের সহায়তায় প্রিজন ভ্যান থেকে নামতে দেখা যায়। এ সময় তিনি দেশবাসীর কাছে নিজের সুস্থতার জন্য দোয়া চান।