ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করছে ইতালি

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

গাজায় ত্রাণ পৌঁছে দিতে যাওয়া সাহায্যবাহী নৌবহর জব্দ এবং আন্দোলনকর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ইতালি। দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি ঘটনাটিকে “অগ্রহণযোগ্য” বলে মন্তব্য করেছেন।

যৌথ বিবৃতিতে তারা বলেন, অনেক ইতালীয় নাগরিকসহ আন্দোলনকারীদের সঙ্গে যেভাবে আচরণ করা হয়েছে, তা মানবিক মর্যাদার পরিপন্থী। এ ঘটনায় আনুষ্ঠানিক ব্যাখ্যা চাইতে ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করার সিদ্ধান্ত নিয়েছে ইতালি।

ইতালীয় সরকার জানিয়েছে, আটক ইতালীয় নাগরিকদের মুক্তি নিশ্চিত করতে সর্বোচ্চ পর্যায়ে কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে। পাশাপাশি আন্দোলনকারীদের অনুরোধ উপেক্ষা এবং তাদের সঙ্গে করা আচরণের জন্য রোম আনুষ্ঠানিক ক্ষমাও দাবি করেছে। এর আগে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানায়, গাজায় ত্রাণ পৌঁছে দিতে তুরস্কের মারমারিস থেকে ছেড়ে যাওয়া তাদের ৫০টি জাহাজই ইসরায়েল জব্দ করেছে। নৌবহরে ৪৪টি দেশের ৪২৮ জন যাত্রী ছিলেন।

এটি প্রথম ঘটনা নয়। চলতি বছরের এপ্রিলের শেষদিকে আন্তর্জাতিক জলসীমায় একই ধরনের আরেকটি নৌবহরে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ২০০৭ সাল থেকে গাজার ওপর অবরোধ আরোপ করে রেখেছে ইসরায়েল। দীর্ঘদিনের অবরোধ ও চলমান হামলায় উপত্যকাটিতে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে।