ফ্রিল্যান্সারদের জন্য সুখবর, দ্রুত চালু হচ্ছে পেপ্যাল

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

বাংলাদেশে ফ্রিল্যান্সারদের আন্তর্জাতিক অর্থ লেনদেন সহজ করতে দ্রুত পেপ্যাল চালুর আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রাজধানীতে অনুষ্ঠিত ‘মেগা ইউনিটি কার্নিভাল ২০২৬’-এ তারা জানান, দেশের তরুণ ফ্রিল্যান্সারদের উপার্জিত বৈদেশিক মুদ্রা সহজে দেশে আনার জন্য সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নিচ্ছে। অনুষ্ঠানের আয়োজন করে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবেই পেপ্যাল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত চুক্তি সম্পন্নের কাজ চলছে। তিনি জানান, পেপ্যাল চালু হলে ঘরে বসে কাজ করা তরুণ-তরুণীরা সহজেই তাদের উপার্জিত অর্থ দেশে আনতে পারবেন।

অন্যদিকে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং ও ওয়েব ডেভেলপমেন্টসহ বিভিন্ন খাতে কাজ করা ফ্রিল্যান্সারদের আয় দেশে আনার প্রক্রিয়া আরও সহজ করতে সরকার কাজ করছে।

অনুষ্ঠানে নতুন একটি ওয়েবসাইটও উদ্বোধন করা হয়, যার মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্তরা ঘরে বসে কাজের সুযোগ পাবেন। আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে দেশের ৬৪ জেলায় তাদের প্রশিক্ষণ কার্যক্রম চলছে এবং শিগগিরই তা উপজেলা পর্যায়ে সম্প্রসারণ করা হবে।