আইটি ডেস্ক:
একটি সাধারণ নির্দেশনা—‘আজ বাসা থেকে কাজ করুন’—দিয়েই শুরু হয় মেটা প্ল্যাটফর্মসের ইতিহাসের অন্যতম বড় ছাঁটাই কার্যক্রম। এরপর একের পর এক ই-মেইলে চাকরি হারানোর খবর পান কর্মীরা। ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মালিক প্রতিষ্ঠান মেটা প্রায় ৮ হাজার কর্মী ছাঁটাই করেছে, যা তাদের মোট কর্মশক্তির প্রায় ১০ শতাংশ।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন টাইম জোন অনুযায়ী ধাপে ধাপে কর্মীদের কাছে ছাঁটাইয়ের ই-মেইল পাঠানো হয়। সিঙ্গাপুরে অনেক কর্মী ভোর ৪টায় ঘুম থেকে উঠে ইনবক্সে চাকরি হারানোর বার্তা দেখতে পান।
মেটা জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার অংশ হিসেবেই এই পুনর্গঠন করা হচ্ছে। প্রতিষ্ঠানটি চলতি বছরে এআই খাতে বিপুল বিনিয়োগের পরিকল্পনা করেছে। পাশাপাশি ৭ হাজার কর্মীকে নতুন এআই টিমে স্থানান্তর এবং ৬ হাজার শূন্যপদ বাতিল করা হয়েছে।
প্রতিষ্ঠানটির অভ্যন্তরে নতুন একটি নজরদারি ব্যবস্থা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, কর্মীদের মাউস ও কি-বোর্ডের গতিবিধি পর্যবেক্ষণ করে এআই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে ইতোমধ্যে এক হাজারের বেশি কর্মী প্রতিবাদ জানিয়েছেন। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এটি সাময়িক সংকট নয়; বরং এআইনির্ভর নতুন যুগে প্রযুক্তি খাতের স্থায়ী পরিবর্তনের ইঙ্গিত।
