অভিষেকের বাড়ি ভাঙতে কলকাতা পুরসভার নোটিশ

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

অবৈধ নির্মাণের অভিযোগকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। বুধবার কলকাতা পৌরসভা তার কালীঘাট রোড ও হরিশ মুখার্জি রোডের দুটি বাড়ির নির্মাণ নকশা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

পুরসভার পাঠানো নোটিশে বলা হয়েছে, বাড়িগুলোতে অনুমোদিত নকশার বাইরে অতিরিক্ত নির্মাণ রয়েছে। এসব নির্মাণের বৈধ অনুমতি ছিল কি না এবং কার অনুমতিতে কাজ হয়েছে—তা সাত দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একই সঙ্গে অবৈধ অংশ নিজ উদ্যোগে ভেঙে ফেলার নির্দেশও দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে ব্যবস্থা না নিলে পৌরসভা নিজেই ভাঙার পদক্ষেপ নিতে পারে বলেও জানানো হয়েছে।

একটি নোটিশ পাঠানো হয়েছে কালীঘাট রোডের বাড়িতে, যেখানে মালিক হিসেবে উল্লেখ করা হয়েছে অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়কে। অন্য নোটিশটি গেছে হরিশ মুখার্জি রোডের ‘শান্তিনিকেতন’ বাড়িতে, যেখানে পরিবারসহ বসবাস করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাড়িটির মালিক হিসেবে উল্লেখ রয়েছে তার প্রতিষ্ঠান ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর নাম। এ ঘটনায় এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত প্রতিক্রিয়া দেয়নি তৃণমূল কংগ্রেস। তবে কলকাতা পৌরসভার পক্ষ থেকে বলা হয়েছে, এটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ।

বর্তমানে কলকাতা পৌরসভাও তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণে রয়েছে। মেয়র ফিরহাদ হাকিমকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে ধরা হয়। তবুও অভিষেকের বাড়িতে নোটিশ জারি হওয়ায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে।

এদিকে ফিরহাদ হাকিম জানিয়েছেন, বিষয়টি তার জানা ছিল না। তার ভাষ্য, কোন অবৈধ নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সে সিদ্ধান্ত পুরসভার কমিশনার নিতে পারেন। রাজনৈতিক পালাবদলের পর পশ্চিমবঙ্গে অবৈধ নির্মাণবিরোধী অভিযান জোরদার হওয়ার মধ্যেই এই ঘটনাকে ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে।