ব্রাজিল দলে আর নেই আগের একচ্ছত্র আধিপত্য

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

ক্রীড়া ডেস্ক:

নেইমার এক সময় ব্রাজিল ফুটবলের সবচেয়ে উজ্জ্বল পোস্টার বয়। হলুদ-সবুজ জার্সিতে তার পায়ে বল মানেই গ্যালারিজুড়ে উন্মাদনা। তবে সময়ের বাস্তবতা এখন ভিন্ন। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল দলে তার ভূমিকা বদলে যাচ্ছে স্পষ্টভাবেই। তিনি বিশ্বকাপে থাকছেন ঠিকই, তবে আর আগের মতো অপ্রতিদ্বন্দ্বী নায়ক হিসেবে নয়; বরং অভিজ্ঞ পথপ্রদর্শকের ভূমিকায়।

ব্রাজিলের সংবাদমাধ্যম Globo জানিয়েছে, ব্রাজিল কোচ কার্লো আনসেলোত্তি বিশ্বকাপ পরিকল্পনায় নেইমারকে রাখলেও তাকে কিছু কঠিন বাস্তবতা বুঝিয়ে দিয়েছেন। গত বৃহস্পতিবার ভিডিও কলে নেইমারের সঙ্গে সরাসরি কথা বলেন আনচেলত্তি। সেখানে উপস্থিত ছিলেন ব্রাজিল ফুটবলের কারিগরি পরিচালক রদ্রিগো কেটানো। সেই আলোচনায় নেইমারকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, মূল একাদশে তার জায়গা নিশ্চিত নয়। এমনকি অধিনায়কের বাহুবন্ধনীও তার হাতে থাকছে না। আনচেলত্তির পরিকল্পনায় নতুন এক ব্রাজিল দল গড়ে উঠছে, যেখানে ব্যক্তিগত তারকাখ্যাতির চেয়ে দলীয় ভারসাম্যকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

এছাড়া নেইমারের জন্য তৈরি করা হয়েছে বিশেষ আচরণবিধি। সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সক্রিয়তা কমিয়ে পুরো মনোযোগ ফুটবলে রাখার পরামর্শও দেওয়া হয়েছে তাকে। মাঠের বাইরের চাকচিক্য ভুলে এখন তাকে আরও পেশাদার মানসিকতা নিয়ে এগোতে হবে। তবে প্রকাশ্যে আনচেলত্তি নেইমারের গুরুত্ব কমিয়ে দেখাননি। তার বিশ্বাস, তরুণ খেলোয়াড়ে ভরা ব্রাজিল দলে নেইমারের অভিজ্ঞতা বড় সম্পদ হতে পারে। ইতালিয়ান এই কোচ বলেন, বড় টুর্নামেন্টে নেইমারের অভিজ্ঞতা দলকে মানসিকভাবে শক্তিশালী করবে এবং ড্রেসিংরুমের পরিবেশ আরও প্রাণবন্ত করবে।

আনচেলত্তি আরও বলেন, দলকে সাহায্য করার জন্য নেইমার যেকোনো ভূমিকায় অবদান রাখতে পারবেন—সেটা কয়েক মিনিটের জন্য হোক কিংবা পুরো ম্যাচজুড়েই হোক। সবচেয়ে বড় বিষয় হলো, কোচের এই কঠিন বার্তায় কোনো অহংকার দেখাননি নেইমার। বরং দলের স্বার্থে যেকোনো দায়িত্ব নিতে প্রস্তুত থাকার আশ্বাস দিয়েছেন তিনি। বিশ্বকাপের চূড়ান্ত দলে সুযোগ পাওয়ার পর কোচিং স্টাফদের ধন্যবাদ জানিয়ে উদযাপনের বার্তাও পাঠিয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। অহংকার ঝেড়ে ফেলে নেইমারের এই নতুন রূপই এখন আলোচনায়।