৯৫ বার পেছাল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বহুল আলোচিত মামলার তদন্ত এক দশক পেরিয়েও শেষ হয়নি। বারবার সময় নিয়েও তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারায় আবারও পিছিয়েছে মামলার অগ্রগতি। এ নিয়ে ৯৫ বার পিছিয়েছে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ।

সোমবার (১৮ মে) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত ছিল। তবে তদন্ত সংস্থা অপরাধ তদন্ত বিভাগ এদিনও তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি। পরে আদালত আগামী ২ জুলাই নতুন তারিখ ধার্য করেন।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি জালিয়াতির মাধ্যমে সুইফট কোড ব্যবহার করে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংক-এর ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। পরে সেই অর্থ ফিলিপিন্সে স্থানান্তর করা হয়। তদন্তসংশ্লিষ্টদের ধারণা, দেশের অভ্যন্তরের কোনো চক্রের সহায়তায় এই অর্থ পাচার হয়েছিল।

ঘটনার পর ২০১৬ সালের ১৫ মার্চ মতিঝিল থানায় অর্থপাচার প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়। মামলার তদন্তভার পায় সিআইডি। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও তদন্ত শেষ হয়নি। চুরি হওয়া অর্থের মধ্যে প্রায় দেড় কোটি ডলার ফিলিপিন্স থেকে উদ্ধার করে বাংলাদেশকে ফেরত দেওয়া হলেও এখনো ৬ কোটি ৬৪ লাখ ডলারের কোনো হদিস মেলেনি। এদিকে অর্থ উদ্ধারের লক্ষ্যে নিউইয়র্কের আদালতে করা মামলাও ২০২২ সালে খারিজ হয়ে যায়। পরে বাংলাদেশ ব্যাংক নতুন করে যুক্তরাষ্ট্রের এখতিয়ারভুক্ত আদালতে মামলা করে।