নিজ সংবাদ:
গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে না কেন— তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার (১৮ মে) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রুলে বাংলাদেশ ব্যাংক, অর্থ সচিব, গ্রামীণ ব্যাংক এবং ড. মুহাম্মদ ইউনূসকে চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
এর আগে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের প্রকৃত সুদের হার জানতে চেয়ে রিট দায়ের করেন আইনজীবী মাসুদ আর সোবহান। রিটকারী আদালতে দাবি করেন, গ্রামীণ ব্যাংক প্রায় ২০ শতাংশ হারে সুদ আদায় করে থাকে। ঋণগ্রহীতারা প্রকৃতপক্ষে কত শতাংশ সুদ দিচ্ছেন, তা জানার অধিকার তাদের রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
আদালত বিষয়টি আমলে নিয়ে সংশ্লিষ্টদের কাছে ব্যাখ্যা চেয়েছেন। এ ঘটনায় ক্ষুদ্রঋণের সুদের হার ও এর স্বচ্ছতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
