আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠেছে ওয়াশিংটন-তেহরান সম্পর্ক। ইরানের শীর্ষ কর্মকর্তা মোহসেন রেজায়ি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, অবরোধ প্রত্যাহার না করলে ওমান সাগরই মার্কিন বাহিনীর কবরস্থানে পরিণত হতে পারে।
রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে তেহরানের এক্সপিডিয়েন্সি কাউন্সিলের সদস্য ও সাবেক বিপ্লবী গার্ড কমান্ডার রেজায়ি বলেন, “আমরা মার্কিন সামরিক বাহিনীকে পরামর্শ দিচ্ছি অবরোধ তুলে নিন, এর আগেই যেন ওমান সাগর আপনাদের কবরস্থানে পরিণত না হয়।”
তিনি যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে সরাসরি যুদ্ধ ঘোষণার শামিল বলে উল্লেখ করেন। একই সঙ্গে বলেন, এমন পরিস্থিতির মোকাবিলা করা ইরানের বৈধ অধিকার। রেজায়ির দাবি, ইরানের বিরুদ্ধে অবরোধ দীর্ঘায়িত হলে শুধু তেহরান নয়, বরং বিশ্বের বিভিন্ন দেশও অর্থনৈতিক ও নিরাপত্তাজনিত ক্ষতির মুখে পড়বে।
চলমান কূটনৈতিক আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, এখন যুক্তরাষ্ট্রকে বাস্তব পদক্ষেপের মাধ্যমে তাদের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে হবে। “আমাদের সশস্ত্র বাহিনীর আঙুল ট্রিগারে রয়েছে, একই সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টাও অব্যাহত আছে,” বলেন তিনি।
উল্লেখ্য, গত ১৩ এপ্রিল থেকে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ কার্যকর করে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার শর্ত অনুযায়ী শান্তিচুক্তি না হওয়া পর্যন্ত এ অবরোধ বহাল থাকবে।
