নিজ সংবাদ:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত কমিটি ভেঙে তামিম ইকবালের নেতৃত্বে গঠিত ১১ সদস্যের অ্যাডহক কমিটির কার্যক্রম স্থগিত চেয়ে করা রিটের শুনানির জন্য আগামী ২১ মে দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।
সোমবার (১৮ মে) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটের বিষয়টি উত্থাপন করা হলে আদালত শুনানির জন্য এ তারিখ ঠিক করেন। এর আগে গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবির নির্বাচিত পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে তামিম ইকবাল-এর নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে। ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাবেক সহসভাপতি ফারুক আহমেদসহ আরও ১০ জন।
রিটে বলা হয়েছে, নির্বাচিত কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত আইনগত কর্তৃত্ববহির্ভূত। একই সঙ্গে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অ্যাডহক কমিটির সব কার্যক্রম স্থগিত এবং সদস্যদের সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত রাখার আবেদন জানানো হয়েছে।
তামিমের নেতৃত্বাধীন কমিটিতে আরও রয়েছেন সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন ও আতহার আলী খানসহ বিভিন্ন অঙ্গনের ব্যক্তিরা। এর আগে একই কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে করা আরেকটি রিট গত ১১ মে সরাসরি খারিজ করে দেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ।
