মাত্র ৭ মিনিটে ফুসফুসের ক্যানসার চিকিৎসা

বুধবার, জুন ৩, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

ফুসফুসের ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে ভারত। দেশটিতে প্রথমবারের মতো মাত্র সাত মিনিটে প্রয়োগযোগ্য একটি আধুনিক ইমিউনোথেরাপি ইনজেকশন বাজারে এসেছে, যা ক্যানসার চিকিৎসাকে আরও সহজ ও দ্রুত করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ভারতীয় ওষুধ কোম্পানি Roche Pharma India ‘টেসেন্ট্রিক’ নামের এই ওষুধ বাজারজাত করেছে। বর্তমানে ইমিউনোথেরাপি সাধারণত শিরায় ইনফিউশনের মাধ্যমে দেওয়া হয়, যেখানে রোগীদের হাসপাতালে দীর্ঘ সময় থাকতে হয়। তবে নতুন এই ইনজেকশন সরাসরি ত্বকের নিচে প্রয়োগ করা যায় এবং পুরো প্রক্রিয়াটি শেষ হয় মাত্র সাত মিনিটে। বিশেষজ্ঞদের মতে, এতে রোগীদের শারীরিক কষ্ট কমবে এবং হাসপাতালের ওপর চাপও হ্রাস পাবে। বিশেষ করে বয়স্ক ও দূরবর্তী এলাকা থেকে চিকিৎসা নিতে আসা রোগীরা বেশি উপকৃত হবেন।

এই চিকিৎসা মূলত নন-স্মল সেল লাং ক্যানসার রোগীদের জন্য ব্যবহৃত হবে, যা ফুসফুসের ক্যানসারের সবচেয়ে সাধারণ ধরন। ইনজেকশনে ব্যবহৃত ‘অ্যাটেজোলিজুমাব’ নামের ওষুধটি শরীরের পিডি-এল১ প্রোটিনকে নিষ্ক্রিয় করে ক্যানসার কোষ শনাক্ত ও ধ্বংসে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করে। চিকিৎসকদের মতে, যেসব রোগীর টিউমারে পিডি-এল১-এর মাত্রা বেশি, তাদের ক্ষেত্রে এই থেরাপি সবচেয়ে কার্যকর হতে পারে। কেমোথেরাপির তুলনায় এর পার্শ্বপ্রতিক্রিয়াও কম।

তবে আধুনিক এই চিকিৎসার বড় বাধা এর উচ্চ ব্যয়। প্রতি ডোজের মূল্য প্রায় ৩ লাখ ৭০ হাজার রুপি এবং একজন রোগীর সাধারণত ছয়টি ডোজ প্রয়োজন হয়। ফলে সাধারণ মানুষের নাগালে চিকিৎসাটি পৌঁছে দিতে সরকারি সহায়তা ও কম খরচের বিকল্প ব্যবস্থা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।