নিজ সংবাদ:
সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং সম্পাদকদের পেশাগত স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে ‘ন্যাশনাল এডিটরস কাউন্সিল’ (এনইসি) নামে নতুন একটি সংগঠন গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) রাজধানীতে দৈনিক আমার দেশ কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে দেশের বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিকের সম্পাদকরা এ সিদ্ধান্ত গ্রহণ করেন। বৈঠকে যায়যায়দিন সম্পাদক শফিক রেহমানকে আহ্বায়ক এবং আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে যুগ্ম আহ্বায়ক করে ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— নয়া দিগন্ত সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ, যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার, প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান সোহেল, সংগ্রাম সম্পাদক আযম মীর শাহীদুল আহসান, নিউ নেশন সম্পাদক মোকাররম হোসেন, ওয়াদা সম্পাদক শফিকুল আলম, মানব কণ্ঠ সম্পাদক শহীদুল ইসলাম, লোকসমাজ সম্পাদক শান্তনু ইসলাম সুমিত, ডেইলি পিপলস ভিউ সম্পাদক ওসমান গনি মনসুর এবং জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর।
বৈঠকে সম্পাদকরা মত দেন, দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমে যে সংকট ও অবক্ষয় সৃষ্টি হয়েছে, তা কাটিয়ে উঠতে সম্পাদকদের একটি কার্যকর ও স্বাধীন প্ল্যাটফর্ম প্রয়োজন। এ সময় সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন, সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মসূচি চালু এবং শিগগিরই জাতীয় ও আঞ্চলিক দৈনিকের সম্পাদকদের অংশগ্রহণে একটি জাতীয় কনভেনশন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
