মেসির রুম নম্বর ঘিরে আর্জেন্টিনার বিশ্বকাপ স্বপ্ন

কক্ষ নম্বর ২০২

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

ক্রীড়া ডেস্ক:

বিশ্বকাপ শুরুর আগেই আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে অধিনায়ক লিওনেল মেসির হোটেল কক্ষ নম্বর। যুক্তরাষ্ট্রের কানসাস সিটির অরিজিন হোটেলে মেসির কক্ষ নম্বর ২০২। সংখ্যাগুলোর যোগফল দাঁড়ায় ৪। কাতার বিশ্বকাপে তার কক্ষ নম্বর ছিল ২০১, যার যোগফল ছিল ৩। সেই আসরেই আর্জেন্টিনা জিতেছিল তাদের তৃতীয় বিশ্বকাপ। তাই অনেক সমর্থক এবার সংখ্যার এই কাকতালীয় মিলকে শুভ সংকেত হিসেবে দেখছেন এবং আশা করছেন, মেসির নেতৃত্বে চতুর্থ বিশ্বকাপ জিততে পারে আলবিসেলেস্তেরা।

রোববার রাতে মায়ামি থেকে ব্যক্তিগত বিমানে কানসাস সিটিতে পৌঁছান লিওনেল মেসি ও রদ্রিগো দে পল। তারাই ছিলেন আর্জেন্টিনা দলের শেষ দুই সদস্য, যারা বিশ্বকাপ ক্যাম্পে যোগ দেন। বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে জড়ো হন অসংখ্য সমর্থক।

বিমানবন্দর থেকে অল্প সময়ের পথ পাড়ি দিয়ে তারা পৌঁছান কানসাস নদীর তীরে অবস্থিত অরিজিন হোটেলে। পুরো হোটেলটি বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনা দলের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া।

তবে ক্যাম্পের প্রথম রাতটি ছিল কিছুটা অস্বস্তিকর। এলাকায় টর্নেডো সতর্কতাসহ শক্তিশালী ঝড় আঘাত হানায় হোটেলের আশপাশে স্থাপিত কিছু নিরাপত্তা অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। যদিও দলের মূল ক্যাম্পে বড় কোনো ক্ষতি হয়নি।

ইতোমধ্যে ২৬ সদস্যের পূর্ণ স্কোয়াড একত্রিত হয়েছে। অনুশীলনের জন্য আর্জেন্টিনা ব্যবহার করবে স্পোর্টিং কানসাস সিটির আধুনিক কম্পাস মিনারেলস ন্যাশনাল পারফরম্যান্স সেন্টার। বিশ্বকাপের প্রস্তুতি এখন পুরোদমে শুরু করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।