বিক্ষোভের মুখে স্থগিত ইসলামী ব্যাংকের বোর্ড সভা

নতুন চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে উত্তাল মতিঝিল

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

গ্রাহকদের বিক্ষোভের মুখে ইসলামী ব্যাংক পিএলসির নির্ধারিত অনলাইন বোর্ড সভা স্থগিত করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সভা আয়োজন সম্ভব হয়নি বলে ব্যাংক কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংককে জানিয়েছে।

সোমবার (১ জুন) ঈদুল আজহার ছুটির পর প্রথম কর্মদিবসে রাজধানীর মতিঝিলের ব্যাংকপাড়া এলাকায় ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগের দাবিতে গ্রাহকদের ব্যানারে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে।

আন্দোলনকারীদের অভিযোগ, সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ আন্দোলনের মুখে পদত্যাগ করেছিলেন। এমন একজন ব্যক্তিকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ায় গ্রাহক ও বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট তৈরি হতে পারে বলে তারা দাবি করেন।

এক সংবাদ সম্মেলনে বিক্ষোভকারীরা নতুন চেয়ারম্যানের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগও দাবি করেন। একই সঙ্গে এস আলম গ্রুপের জব্দকৃত সম্পদ ব্যাংকের তহবিলে ফিরিয়ে আনার আহ্বান জানান তারা।

পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকে পাঠানো এক বার্তায় ইসলামী ব্যাংক জানায়, সোমবার অনলাইনে বোর্ড সভা আয়োজনের পরিকল্পনা থাকলেও বিক্ষোভ ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে তা স্থগিত করতে বাধ্য হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। একই দিনে বাংলাদেশ ব্যাংক খুরশীদ আলমকে ব্যাংকটির নতুন চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেয়। এরপর থেকেই এ নিয়োগ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও বিতর্ক শুরু হয়।