ক্রীড়া ডেস্ক:
ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর দীর্ঘ আধিপত্যের পর ব্যালন ডি’অর দৌড় এখন অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। বিশ্বের সেরা ব্যক্তিগত পুরস্কারটি জয়ের লড়াইয়ে একাধিক তারকা আলোচনায় থাকলেও সাম্প্রতিক র্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন ইংল্যান্ড ও বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার হ্যারি কেইন।
গোল ডটকমের প্রকাশিত ব্যালন ডি’অর পাওয়ার র্যাঙ্কিং অনুযায়ী, চলতি মৌসুমে ৬৫ গোল করে বুন্দেসলিগা, ডিএফবি পোকাল ও ডিএফএল সুপার কাপ জেতা কেইন বর্তমানে শীর্ষ দাবিদার। দ্বিতীয় স্থানে রয়েছেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড ওসমান দেম্বেলে। চোট কাটিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তনের মাধ্যমে তিনি চ্যাম্পিয়নস লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তালিকার তৃতীয় স্থানে আছেন বার্সেলোনার তরুণ বিস্ময় লামিন ইয়ামাল। মৌসুমজুড়ে ২৫ গোল ও ২০ অ্যাসিস্ট করে তিনি নিজের প্রতিভার ঝলক দেখিয়েছেন। চতুর্থ স্থানে পিএসজির মিডফিল্ডার ভিতিনিয়া এবং পঞ্চম স্থানে বায়ার্নের মাইকেল ওলিসে রয়েছেন।
এদিকে ৪৮ গোল করেও কোনো বড় শিরোপা না পাওয়ায় কিলিয়ান এমবাপ্পে রয়েছেন ষষ্ঠ স্থানে। তবে বিশ্বকাপে ভালো পারফরম্যান্স করলে তার অবস্থান বদলে যেতে পারে।
সবচেয়ে বড় চমক হিসেবে আলোচনায় আছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে ৩৬ গোল ও ২৬ অ্যাসিস্ট করার পাশাপাশি এমএলএস কাপ জিতেছেন তিনি। বিশ্বকাপে আর্জেন্টিনাকে সফলতা এনে দিতে পারলে আটবারের ব্যালন ডি’অরজয়ী এই কিংবদন্তির নবম সোনার বল জয়ের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
চ্যাম্পিয়নস লিগ, বিশ্বকাপ ও আফ্রিকান কাপ অব নেশনসের পারফরম্যান্স বিবেচনায় নিয়ে আগামী ২৬ অক্টোবর লন্ডনে ঘোষণা করা হবে এবারের ব্যালন ডি’অর বিজয়ীর নাম।
