আমার স্ত্রীর কোনো দোষ নেই: সোহেল রানা

রামিসা হত্যা মামলা

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলাকেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে আলোচিত এই মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো।

সোমবার (১ জুন) সকালে ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২ জুন দিন নির্ধারণ করা হয়েছে।

শুনানির সময় আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ পাঠ করে শোনানো হলে সোহেল রানা আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমার স্ত্রীর কোনো দোষ নেই।” এ সময় স্বপ্না আক্তারও নিজেকে নির্দোষ দাবি করেন। তবে আদালত অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম এগিয়ে নেওয়ার নির্দেশ দেন। পরে উভয় আসামিই নিজেদের নির্দোষ বলে দাবি করেন।

মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান গত ২৪ মে আদালতে অভিযোগপত্র জমা দেন। তদন্তে সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণের পর হত্যার এবং স্বপ্না আক্তারের বিরুদ্ধে অপরাধে সহায়তার অভিযোগ আনা হয়।

মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে সকালে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তার বাসা থেকে বের হওয়ার পর কৌশলে তাকে একটি ফ্ল্যাটে নেওয়া হয়। পরে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেন। ঘটনাস্থল থেকে স্বপ্না আক্তারকে আটক করা হয় এবং পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ।

ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। আদালতের নির্দেশে এখন মামলার সাক্ষ্যগ্রহণ ও পরবর্তী বিচারিক কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হবে।