নিজ সংবাদ:
রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে বহুল আলোচিত এ মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো।
আদালত সূত্রে জানা গেছে, শুনানিকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আজিজুল রহমান দুলু আদালতে দাখিল করা অভিযোগপত্র পাঠ করে শোনান। এর আগে সকাল পৌনে ৮টার দিকে প্রিজনভ্যানে করে আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে আদালতে হাজির করা হয়।
মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে বাসা থেকে বের হয় শিশু রামিসা। অভিযোগ রয়েছে, সোহেল রানা কৌশলে তাকে ভবনের তৃতীয় তলার একটি কক্ষে নিয়ে যায়। পরে মেয়েকে স্কুলে পাঠানোর জন্য খোঁজাখুঁজির একপর্যায়ে রামিসার মা আসামিদের কক্ষের সামনে মেয়ের জুতা দেখতে পান। সন্দেহ হলে ভবনের অন্য বাসিন্দাদের সঙ্গে নিয়ে কক্ষে প্রবেশ করে শোবার ঘরে রামিসার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে স্বপ্না আক্তারও উপস্থিত ছিলেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পরদিন শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা দায়ের করেন। পরে স্বপ্না আক্তার ও সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। ২০ মে সোহেল রানা আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেন।
আদালত সূত্র জানিয়েছে, অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলাটির নিয়মিত বিচারিক কার্যক্রম এখন শুরু হলো।
