নিজ সংবাদ:
পবিত্র ঈদুল আজহার টানা ছুটি শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১ জুন) সকাল ১০টার দিকে তিনি বাংলাদেশ সচিবালয়ে প্রবেশ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদ উদযাপন শেষে নিয়মিত সরকারি কার্যক্রমে অংশ নিতে সোমবার সকালে সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী। কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১০টায় খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে বৈঠক করেন তিনি।
এছাড়া দুপুর দেড়টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরে দুপুর ২টায় দেশের ফার্মাসিউটিক্যালস শিল্পের উন্নয়ন ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণে আয়োজিত এক বৈঠকেও অংশ নেবেন তিনি।
সরকারি সূত্র বলছে, প্রধানমন্ত্রীর সচিবালয়ে উপস্থিতি এবং বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রমে সরাসরি অংশগ্রহণের মধ্য দিয়ে ঈদের ছুটি-পরবর্তী প্রশাসনিক কার্যক্রম আবারও পূর্ণমাত্রায় শুরু হয়েছে। এর ফলে সরকারের চলমান উন্নয়ন, নীতিনির্ধারণী ও প্রশাসনিক কর্মকাণ্ড নতুন উদ্যমে এগিয়ে যাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
