বিনোদন ডেস্ক:
স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বিচারিক আদালতে মাকে সঙ্গে নিয়ে হাজির হয়েছেন অভিনেতা নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে যাহের আলভী।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদের আদালতে আলভী ও তার মা নাসরিন সুলতানা হাজিরা দেন। এদিন মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা ডিবি পুলিশ প্রতিবেদন জমা দিতে না পারায় আগামী ২৮ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম জানান, নাসরিন সুলতানার জামিন স্থায়ী করার আবেদন করা হয়েছিল। তবে আদালত নির্ধারিত তারিখ পর্যন্ত তার জামিনের মেয়াদ বাড়িয়েছেন।
হাজিরা শেষে মাকে নিয়ে আদালত থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের উদ্দেশ্যে যাহের আলভী বলেন, ‘আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।’
মামলার নথি অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি পল্লবীর ডিওএইচএসের বাসা থেকে আলভীর স্ত্রী ইকরাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।
ইকরার মৃত্যুর ঘটনায় ওই রাতেই তার বাবা কবির হায়াত খান মামলা করেন। দীর্ঘদিনের পারিবারিক কলহ ও নির্যাতনের কারণে তার মেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বলে মামলায় অভিযোগ করা হয়।
এর আগে গত ৪ জুন আলভীর মা নাসরিন সুলতানা আদালতে আত্মসমর্পণ করে জামিন পান। ১৮ জুন আলভী আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়।
সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর কারামুক্ত হন যাহের আলভী। বৃহস্পতিবার তিনি মাকে সঙ্গে নিয়ে মামলার ধার্য তারিখে আদালতে হাজির হন।
