কুড়িগ্রাম এক্সপ্রেসে নারী ধর্ষণের অভিযোগে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

নিজ সংবাদ:

ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক নারীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদের পাকশি রেলওয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দীন। তিনি জানান, ঘটনার সময় ট্রেনে দায়িত্ব পালন করা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোমবার সকালে নাটোর এলাকায় চলন্ত কুড়িগ্রাম এক্সপ্রেসের ক্যান্টিনে ৪৪ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে। ওই নারী ঢাকা থেকে কুড়িগ্রামের উদ্দেশে ট্রেনে উঠেছিলেন।

অভিযোগ অনুযায়ী, ক্যান্টিনবয় আবু বক্কর সিদ্দিকসহ কয়েকজন তাকে ক্যান্টিনে নিয়ে ধর্ষণ করেন। ভুক্তভোগীর চিৎকার শুনে অন্য যাত্রীরা সেখানে গিয়ে আবু বক্করকে আটক করেন এবং পরে পুলিশের কাছে সোপর্দ করেন।

ঘটনার পর আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তিনি নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর গ্রামের মৃত মাসুদ রানার ছেলে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় মোট পাঁচজনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে দুই পুলিশ সদস্যের নাম রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি দুলাল উদ্দীন বলেন, অভিযোগের ভিত্তিতে পুলিশ সদস্যদের সম্পৃক্ততার বিষয়টি তদন্ত করা হচ্ছে। একই সঙ্গে মামলার অন্য আসামিদের ভূমিকা নিয়েও তদন্ত চলছে।