সংসদে গুম প্রতিরোধ আইন নিয়ে ওয়াকআউট

সুস্থ ধারার রাজনীতি কি-না, প্রশ্ন আইনমন্ত্রীর

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

সংসদে গুম প্রতিরোধ আইন উত্থাপনের সময় বিরোধী দলের সংসদ সদস্যদের ওয়াকআউটকে ‘সুস্থ ধারার রাজনীতি’ কি না—এ নিয়ে প্রশ্ন তুলেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যতই ক্ষমতাশালী হোক, তাদের বিচারের আওতায় আনা হবে। একই সঙ্গে গত ছয় মাসে দেশে পরিকল্পিতভাবে রাষ্ট্রীয় গুমের কোনো ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি।

রোববার (৩০ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে গুমের শিকার ব্যক্তি ও নিখোঁজদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আইনমন্ত্রী বলেন, গুমের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি সরকার দিয়েছে এবং সে অনুযায়ী বিচারপ্রক্রিয়া এগিয়ে চলছে। তিনি বলেন, বিচার কিছুটা ধীরগতিতে এগোলেও ন্যায়বিচার নিশ্চিত করতেই যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। তড়িঘড়ি করে প্রশ্নবিদ্ধ বিচার করার কোনো ইচ্ছা সরকারের নেই।

গত ছয় মাসে পরিকল্পিত রাষ্ট্রীয় গুমের অভিযোগ না থাকার দাবি করে তিনি বলেন, মোংলায় মিরাজ শেখের গুমের অভিযোগ স্বাধীনভাবে তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগী পরিবারকে সরকার আইনি সহায়তা দিচ্ছে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বক্তব্য দেন। গুম থেকে ফিরে আসা ব্যক্তি ও নিখোঁজদের পরিবারের সদস্যরাও নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।