নিজ সংবাদ:
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে নতুন উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা-২০২৬ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ৩ সেপ্টেম্বর ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা বিধিমালাটি গেজেট আকারে প্রকাশ করা হয়।
নতুন বিধিমালায় নির্বাচনি প্রচারণায় পোস্টার ব্যবহার নিষিদ্ধের পাশাপাশি মিছিল-শোডাউন, হেলিকপ্টার ব্যবহার, সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিভ্রান্তিকর বা বিদ্বেষপূর্ণ কনটেন্ট প্রচারে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের ফল গেজেট প্রকাশ পর্যন্ত প্রকাশ্য মিছিল বা শোভাযাত্রা করা যাবে না। ট্রাক, বাস, মোটরসাইকেল, নৌযান ও ট্রেন ব্যবহার করেও মিছিল করা নিষিদ্ধ। নির্বাচনি প্রচারে হেলিকপ্টার বা অন্য আকাশযান ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা রয়েছে।
কোনো প্রার্থী বা তাঁর পক্ষে অন্য কেউ প্রচারণায় পোস্টার ব্যবহার করতে পারবেন না। ভবন, দেয়াল, গাছ, বেড়া, বিদ্যুতের খুঁটি, সরকারি স্থাপনা, সেতু ও কালভার্টে প্রচারসামগ্রী ব্যবহারের ক্ষেত্রেও বিধিনিষেধ থাকবে।
তবে সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল মাধ্যমে প্রচারণার সুযোগ রাখা হয়েছে। প্রচারণা শুরুর আগে ব্যবহৃত মাধ্যম সম্পর্কে রিটার্নিং কর্মকর্তাকে জানাতে হবে। এ খাতে ব্যয় হওয়া অর্থও নির্বাচনি ব্যয়ের হিসাবের অন্তর্ভুক্ত হবে।
এআই ব্যবহারের ক্ষেত্রেও বিশেষ বিধান রাখা হয়েছে। মিথ্যা, বিভ্রান্তিকর, বিদ্বেষপূর্ণ বা ব্যক্তিগত আক্রমণমূলক বক্তব্য এবং নির্বাচনকে প্রভাবিত করতে পারে—এমন ভুয়া কনটেন্ট তৈরি বা প্রচার নিষিদ্ধ করা হয়েছে।
ভোটারদের অর্থ, খাদ্য, পানীয় বা উপহার দিয়ে প্রভাবিত করা যাবে না। ধর্মীয় উপাসনালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি অফিসে প্রচারণাও নিষিদ্ধ। ধর্মের অপব্যবহার, পেশিশক্তি এবং কুৎসা বা চরিত্রহননমূলক প্রচারণার বিরুদ্ধেও বিধান রাখা হয়েছে।
সরকারি যানবাহন, প্রচারযন্ত্র বা সম্পদ নির্বাচনি কাজে ব্যবহার করা যাবে না। ভোটের দিন ভোটারদের কেন্দ্রে আনা-নেওয়ার জন্য যানবাহন ভাড়া বা ব্যবহারের সুযোগও থাকবে না।
বিধিমালা লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে গুরুতর ক্ষেত্রে ইসি প্রার্থিতা বাতিল করতে পারবে। এছাড়া লঙ্ঘনের জন্য সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।
ইসির দাবি, নতুন বিধিমালার লক্ষ্য উপজেলা নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক করা এবং প্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করা।
