নেপালে দুর্যোগের কবলে টালিউডের দুই অভিনেতা

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

বিনোদন ডেস্ক:

নেপালে বাংলাদেশের একটি সিনেমার শুটিং করতে গিয়ে প্রতিকূল আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েছেন টালিউডের দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। তবে তারা বর্তমানে নিরাপদে হোটেলে অবস্থান করছেন বলে জানিয়েছেন খরাজ।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের একটি ছবির শুটিংয়ের জন্য নেপালে গেছেন দুই অভিনেতা। খরাজের সঙ্গে তার স্ত্রী ও শুটিং দলের অন্য সদস্যরাও রয়েছেন। চীন সীমান্তসংলগ্ন রাসুয়া জেলায় হড়পা বানের কারণে বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ায় যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে অভিনেতাদের সঙ্গে যোগাযোগ করা না যাওয়ায় পরিবার ও অনুরাগীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

খরাজ জানান, তারা গত ২০ আগস্ট নেপালে পৌঁছান। এরপর থেকেই প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে শুটিং বারবার ব্যাহত হয়েছে। বৃষ্টির মধ্যেই অনেক কষ্টে শুটিং শেষ করতে হয়েছে তাদের।

দুর্যোগের কারণে কাঠমান্ডু যাওয়ার সড়কপথ বন্ধ হয়ে যাওয়ায় নির্ধারিত সকালের ফ্লাইটও ধরতে পারেননি তারা। তাই সড়কপথে ভারতের সীমান্তবর্তী গোরক্ষপুরে যাওয়ার পরিকল্পনা করেছেন। সেখান থেকে ২৮ আগস্ট সরাসরি কলকাতার বিমানে দেশে ফেরার কথা রয়েছে তাদের।

এদিকে তিব্বত থেকে নেমে আসা ভোতে কোশি নদীর পানির উচ্চতা আকস্মিকভাবে বেড়ে তিমুরে ও স্যাফ্রুবেশিসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাজার, সড়ক ও জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। নেপাল ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী, বহু পর্যটক নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে শতাধিক ভারতীয় নাগরিক রয়েছেন।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, রাসুয়া জেলায় হড়পা বানে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। উদ্ধারকাজে নেপাল সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী কাজ করছে।