সনাতন পদ্ধতি থেকে বেরিয়ে আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তির দিকে ঝুঁকতে হবে

কুষ্টিয়ায় কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধনীতে ডিসি তৌহিদ বিন-হাসান

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

 

নিজ সংবাদ \ যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কুষ্টিয়া সদরে নানা আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা’। গতকাল রবিবার (১৪ জুন) বেলা সাড়ে ১২টার সময় কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদ বিন-হাসান। এরপর তিনি এক বর্ণাঢ্য র‌্যালিতে অংশগ্রহণ করেন। উদ্বোধন শেষে প্রধান অতিথি উপজেলা প্রাঙ্গণে আয়োজিত মেলার বিভিন্ন আধুনিক কৃষি প্রযুক্তির ১৫টি স্টল ঘুরে দেখেন। তিনি প্রদর্শনীতে আসা নতুন নতুন প্রযুক্তি ও উদ্ভাবন দেখে সন্তোষ প্রকাশ করেন এবং কৃষকদের মাঝে এসব প্রযুক্তির দ্রুত সম্প্রসারণের তাগিদ দেন। স্টল পরিদর্শন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণঅধিদপ্তরের কর্মকর্তা উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কৃষকরা। কুষ্টিয়া সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া খামারবাড়ীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. মো. শওকত হোসেন ভূঁইয়া। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন,  কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন অর রশীদ, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফ উদ্দিন সোহাগ। স্বাগত বক্তব্য রাখেন, কুষ্টিয়া সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রূপালী খাতুন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ তৌহিদ বিন-হাসান বলেন, ‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে আমাদের সনাতন পদ্ধতি থেকে বেরিয়ে আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তির দিকে ঝুঁকতে হবে। এই মেলা স্থানীয় কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি, উন্নত বীজ এবং সাশ্রয়ী কৃষি যন্ত্রপাতির সাথে পরিচয় করিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ সভায় বক্তারা যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন এবং কৃষকদের আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করার আহ্বান জানান। মেলায় প্রদর্শিত ১৫টি স্টলে আধুনিক কৃষি প্রযুক্তি , জৈব বালাইনাশক ও উচ্চ ফলনশীল জাতের বিভিন্ন ফল, সবজি প্রদর্শনী দেখতে স্থানীয় উৎসুক চাষীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।