শিশু-কিশোরদের মাঝে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই

বিশ্বকাপের উন্মাদনায় টগবগে কুষ্টিয়া শহর

শনিবার, জুন ১৩, ২০২৬

 

 

হাসানুজ্জামান রাজীব \ বিশ্বকাপ ফুটবল মানেই উত্তেজনার উৎসব। আর সেই উত্তাপ ছড়িয়ে পড়েছে কুষ্টিয়ার শহরতলীতে। নগর থেকে গ্রাম, শহর থেকে মিল লাইন কোয়ার্টার— সর্বত্র এখন ফুটবলের রং। বর্ণিল পতাকা, জার্সি আর উচ্ছ্বাসে মেতে উঠেছে পুরো এলাকা। বিশ্বকাপের পর্দা উঠতে আর মাত্র দুই দিন বাকি, কিন্তু কুষ্টিয়ায় উৎসব শুরু হয়ে গেছে অনেক আগেই। প্রিয় দলের সমর্থনে খুনসুটি আর তর্কে মশগুল কচিকাঁচারা। ব্রাজিল সমর্থক ছোট্ট আরফান বলে, “ব্রাজিলই জিতবে। আমার প্রিয় খেলোয়াড় নেইমার। জিতলে ঢাক-ঢোল পিটিয়ে মিছিল করবো।” আরেক ক্ষুদে ব্রাজিল ভক্ত দিগন্ত জানায়, “সবসময় ব্রাজিলকে সমর্থন করি। ব্রাজিল ছাড়া আর কোনো টিম দেখতে পাই না। ৩৬ বছর পর শিরোপা জেতা দল আমাদের সমকক্ষ হতে পারে না।” অন্যদিকে আর্জেন্টিনার ছোট সমর্থক নিশীথের আশা, “আর্জেন্টিনাই শক্তিশালী দল, ফলাফল আর্জেন্টিনার পক্ষে যাবে।” নয়ন কুমার বিশ্বাসও দৃঢ় কণ্ঠে বলেন, “আর্জেন্টিনাই জিতবে।” মেসির প্রতি অগাধ ভালোবাসায় ছোটবেলা থেকে আর্জেন্টিনার সমর্থকরা এবারও আশাবাদী। নারী সমর্থক তৃণাক পাল বলেন, “কে জিতবে জানি না, তবে ছোটবেলা থেকে ব্রাজিলকে সমর্থন করি। তাই ব্রাজিল নিয়েই আশাবাদী।” ব্রাজিল-আর্জেন্টিনার লড়াইয়ের পাশাপাশি অন্যান্য দল নিয়েও চলছে আলোচনা। পুরো এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর রংধনু পরিবেশ। ফুটবল যেন এখন সবার জীবনের সবচেয়ে বড় আনন্দ। কুষ্টিয়ার এই উন্মাদনা দেখিয়ে দিচ্ছে, বিশ্বকাপ শুধু মাঠের খেলা নয়, তা হৃদয়ের উৎসবও বটে।