নিজ সংবাদ \ কেন্দ্রীয় ছাত্রশিবির নেতা জিসানের বিরুদ্ধে ধর্ষণ ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত গুমের শিকার ভিকটিমদের অবমাননার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। গতকাল রবিবার (১৪ জুন) বিকেলে কুষ্টিয়া সরকারি কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি ও সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাতের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এনএস রোডের বক চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে নেতৃবৃন্দ জামায়াত-শিবিরকে সতর্ক করে বলেন, “জামায়াত ইসলামী মিথ্যার উপর প্রতিষ্ঠিত। এদের কর্মকান্ড বারবার দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেয়। এই মিথ্যাচার ও নাটকীয়তা বন্ধ না করলে হাসিনার বিরুদ্ধে যেভাবে রাজপথে নেমেছিলাম, জামায়াত-শিবিরের বিরুদ্ধেও একইভাবে রাজপথে নামবে ছাত্রদল।” জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত বলেন, “কেন্দ্রীয় ছাত্রশিবিরের জিসান এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেছেন। ধর্ষণ মামলা থেকে বাঁচতে তিনি নিজেই আত্মগোপনে গিয়ে জামায়াত নেতাদের মাধ্যমে নিজেকেই অপহরণের নাটক সাজান। পুলিশ ইতোমধ্যে এই ঘটনার রহস্য উদঘাটন করেছে। এর প্রতিবাদেই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় ছাত্রদল এই বিক্ষোভ করছে।” আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি আরও বলেন, “অভিযুক্ত জিসান ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক। কিন্তু ঘটনার পর শিবির যে কমিটি প্রকাশ করেছে তাতে তার নাম নেই। এই গুপ্ত রাজনীতি বন্ধ করতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিবিরের কমিটি জনসম্মুখে প্রকাশ করতে হবে। বাংলাদেশে আর কোনো গুপ্ত রাজনীতি চলবে না। জাতীয়তাবাদী ছাত্রদল এ ধরনের অপতৎপরতা প্রতিহত করবে।” ধর্ষণ ও নিজের অপহরণের এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও আলোড়ন সৃষ্টি হয়েছে।
