শৈলকুপায় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

 

শৈলকুপা প্রতিনিধি \ চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে স্লোগানে শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আয়োজিত মাদক বিরোধী পথসভা  ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০ টায় কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান। উদ্বোধনের পর সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলার বিভিন্ন বাজারে ও গুরুত্বপূর্ণ স্থানে এ পথসভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শতাধিক মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যরা মাদকবিরোধী  বিভিন্ন প্লাকার্ড নিয়ে পথসভা ও সমাবেশ করে তারা মাদকের ভয়াবহতা তুলে ধরেন। মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক ফরিদ রেজা জানান- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের আহবানে তারা এ কর্মসূচি হাতে নিয়েছেন। সম্প্রতি মুক্তিযোদ্ধাদের এক সমাবেশে আইনমন্ত্রী মুক্তিযোদ্ধাদের মাদকের বিরুদ্ধে আর একটি যুদ্ধে অংশগ্রহণের আহবান জানান। তার এ আহবানে মুক্তিযোদ্ধারা এ কর্মসূচি গ্রহণ করেন। পথসভায় বক্তারা মাদকের ছোবল থেকে যুবসমাজকে ফিরিয়ে আনতে পরিবার, সমাজ ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। জনসচেতনতামুলক এ কর্মসূচি সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শৈলকুপার কবিরপুর,  গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড, শেখপাড়া বাজার, তমালতলা বাজার, কচুয়া বাজার, কাতলাগাড়ি নতুন বাজার, খুলুমবাড়িয়া বাজার, লাঙ্গলবাধ বাজার হাটফাজিলপুর বাজার সম্প্রসারিত হয়। দিনব্যাপী এ কর্মসূচীতে পথে পথে সাধারণ মানুষ হাত নেড়ে মুক্তিযোদ্ধাদের স্বাগত জানান। পথ সভায়  উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক ফরিদ রেজা, সদস্য সচিব আবুল হাশেমসহ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।