প্রতিবেশীদের আপ্যায়নের ব্যবস্থা করলে আল্লাহ খুশি হন: সুজাউদ্দিন জোয়ার্দ্দার

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

 

নিজ সংবাদ \ প্রতিবেশী অভুক্ত থাকলে তার আহারের ব্যবস্থা করা অপর প্রতিবেশীর নৈতিক দায়িত্ব ও কর্তব্য। সামর্থ্যবান যেকোনো মানুষের উচিত দরিদ্র প্রতিবেশীদের নিয়মিত খোঁজ-খবর নেওয়া। মহান আল্লাহ তায়ালা ও রাসুল (সাঃ) প্রতিবেশীদের হকের ব্যাপারে বারবার তাগিদ দিয়েছেন, তাই প্রতিবেশীদের আপ্যায়নের ব্যবস্থা করলে আল্লাহ খুশি হন। গত শনিবার বাদ মাগরিব কুষ্টিয়া সদরের মোল্লাতেঘরিয়াস্থ বীর মুক্তিযোদ্ধা ওহিদুল কাউসার মুকুল সড়কে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দ্দার। ‘মহিলা কৃষক উন্নয়ন সমিতি’র উদ্যোগে এই ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভার আয়োজন করা হয়। মহিলা কৃষক উন্নয়ন সমিতির প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দ্দার তাঁর বক্তব্যে কোরআন ও হাদিসের আলোকে প্রতিবেশীদের প্রতি দায়িত্ব ও কর্তব্যের বিষয়টি সুন্দরভাবে ব্যাখ্যা করেন। একই সাথে তিনি মহিলা কৃষক উন্নয়ন সমিতির উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং সমিতির যেকোনো প্রয়োজনে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। মোছাঃ জান্নাতুল ফেরদৌসী বিউটির সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সমিতির উপদেষ্টা মোছাঃ রওশেনারা খাতুন, মোঃ আহসানুর, মোঃ আতিকুর রহমান রিজভী এবং কাজী আব্দুল আওয়াল। সমিতির সাংগঠনিক সম্পাদিকা রূপসীর সার্বিক ব্যবস্থাপনায় এবং সাধারণ সম্পাদিকা আজমিরা খাতুনের চমৎকার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সমিতির সদস্য বেবি, রেনুকা, জহুরা, রজিনা প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন নিসান চৌধুরী, সাকিব ও লুৎফার রহমানসহ আরও অনেকে। আলোচনা সভা শেষে প্রধান অতিথি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ সমিতির সদস্যদের সাথে এক নৈশভোজে অংশ নেন।