নারী কর্মীদের নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটতৈলে জামায়াতের সমাবেশ

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

 

নিজ সংবাদ \ কুষ্টিয়ার খাজানগরের দুই রাইস মিলে সংঘটিত হামলার ঘটনায় জামায়াতে ইসলামীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়িয়ে মিথ্যা প্রচার চালানোর অভিযোগে প্রতিবাদ সমাবেশ করেছে বটতৈল ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামী। গতকাল বুধবার (৮ জুলাই) বটতৈল মোড়ে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দ বলছেন, ঘটনার সঙ্গে জামায়াত বা তার কোনো নেতা-কর্মীর কোনো সম্পৃক্ততা নেই। তারপরও একটি মহল ইচ্ছাকৃতভাবে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। সমাবেশে কুষ্টিয়া জেলা জামায়াতের শুরা সদস্য কাজী হামিদুল ইসলাম বলেন, “অপশক্তি যদি কোনোভাবে জামায়াতকে একটু ডাউন করতে পারে, তারা মনে করছে তারা লাভবান হয়ে যাচ্ছে। আসলে এই সমস্যা দীর্ঘদিনের। এলাকাবাসী এখন তৎপর হয়েছে। আমরা সদর সংসদ সদস্য, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেছি। সকলে মিলে সমাধানের চেষ্টা চালাচ্ছি।” বক্তারা অভিযোগ করেন, ঘটনার প্রকৃত তথ্য যাচাই না করেই বিভিন্ন মাধ্যমে জামায়াতের নাম জড়িয়ে বিভ্রান্তিকর প্রচার চালানো হচ্ছে। এটি রাজনৈতিক বিদ্বেষ থেকে উদ্ভূত বলে তারা মনে করেন। শ্রমিক ফেডারেশন কুষ্টিয়ার সভাপতি আজমুল ইসলাম বলেন, “মিল দুটি বাড়ির খুব কাছে। ধোঁয়া ও দূষণে স্থানীয়দের ঘরবাড়ি, বিছানাপত্র নষ্ট হয়ে যাচ্ছে। বারবার বন্ধের আশ্বাস দিলেও মালিকপক্ষ তা মানেনি। এ সমস্যা সমাধানে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।” বটতৈল ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি নাজমুল ইসলাম বলেন, “আমার স্ত্রী আছিয়া খাতুন ঘটনাস্থলে ছিলেন না। তিনি সেদিন ছেলেকে নিয়ে মাদ্রাসায় গিয়েছিলেন। কেউ যদি প্রমাণ করতে পারে, আমি তাকে ৫ লাখ টাকা পুরস্কার দেব।” বক্তারা খাজানগরের মিল দুটিতে হামলার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন। তারা বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো দল বা ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রচার না করার আহ্বান জানান। প্রতিবাদ সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়।