এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শনিবার, জুন ১৩, ২০২৬

 

শফিকুর রহমান \ চুয়াডাঙ্গার জীবননগরে শ্বশুরালয়ে যাওয়ার সময় কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজার পরিবারের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর সাদ্দাম বাজার মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশ নেন। সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দার বলেন, একজন জনপ্রতিনিধি ও ধর্মীয় বক্তার ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অভিযোগ করেন, রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ হামলার ঘটনা ঘটানো হয়েছে। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান এই নেতা । বিশেষ অতিথির জামায়াতের সহকারী সেক্রেটারী খায়রুল ইসলাম রবিন  বক্তব্যে বলেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই মুফতি আমির হামজা বারবার হামলা ও ষড়যন্ত্রের শিকার হচ্ছেন। এসব ঘটনার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান তিনি। বক্তারা আরও বলেন, উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকান্ডে বাধা সৃষ্টি করতেই কিছু মহল হিংসাত্মক পথ বেছে নিচ্ছে। তারা দাবি করেন, এ ধরনের কর্মকান্ড গণতান্ত্রিক পরিবেশ ও সামাজিক সম্প্রীতির জন্য হুমকি। হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিপক্ষের জনপ্রিয়তা ও জনসমর্থনকে ভয় পেয়েই এ ধরনের অতর্কিত হামলা চালানো হচ্ছে। সমাবেশ শেষে হামলার তীব্র নিন্দা জানিয়ে এবং জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে কর্মসূচি সমাপ্ত হয়। বক্তারা সতর্ক করে বলেন, দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে। সভা পরিচালনা করেন জামায়াতের কুষ্টিয়া সদর উপজেলা আমির শরিফুল ইসলাম ।