মরহুম হাজী রবিউল ইসলাম বাবর স্মরণে কুষ্টিয়ার হরিপুরে প্রীতি ফুটবল

যুবসমাজকে মাদকমুক্ত করার প্রত্যয়

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

হাসানুজ্জামান রাজীব \ কুষ্টিয়ায় মরহুম হাজী রবিউল ইসলাম বাবরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রীতি ফুটবল ম্যাচ। খেলাধুলাকে মাধ্যম হিসেবে ব্যবহার করে তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও নেশার আসক্তি থেকে দূরে রাখার শক্তিশালী বার্তা দিয়েছেন আয়োজকরা। গত শুক্রবার কুষ্টিয়া সদর উপজেলার দি অল্ড কুষ্টিয়া হাই স্কুল মাঠে উৎসবমুখর পরিবেশে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। পিয়ারপুর একাদশ ও হরিপুর একাদশের মধ্যে অনুষ্ঠিত এ প্রীতি ম্যাচে দুই দলের খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও নান্দনিক ফুটবল উপস্থাপন করেন। শিক্ষা ও ক্রীড়া অনুরাগী সংগঠনের সহযোগিতায় হরিপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ খেলা দেখতে শত শত দর্শক মাঠে ভিড় জমান। বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশু-কিশোরদের উপস্থিতিতে পুরো মাঠ পরিণত হয় উৎসবের মাঠে। কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, “ফুটবল অত্যন্ত জনপ্রিয় খেলা। একসময় এই হরিপুরের তাজউদ্দিন পাকিস্তান জাতীয় দলে খেলেছেন। আজকের ছেলেরা মাদকের কবলে পড়ছে। তাদেরকে খেলার মাঠে ফিরিয়ে আনতে পারলে তারা মাদকমুক্ত জীবন গড়তে পারবে।” কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী জানান, “প্রশাসক মহোদয় ক্রীড়াসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন। আগামী ২৪ জুলাই জেলা পরিষদের উদ্যোগে আরও একটি ফুটবল টুর্নামেন্ট শুরু হবে।” হরিপুর শিক্ষা ও ক্রীড়া অনুরাগী পরিষদের সভাপতি খাদেমুল বাসার বলেন, “যুবসমাজ ধ্বংসের পথে যাচ্ছিল। মাদক ও মোবাইল আসক্তি থেকে তাদের ফেরাতে এই আয়োজন।” কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব বলেন, “যুবসমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই।” কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সভাপতি ইসমাইল হোসেন মুরাদ উল্লেখ করেন, “মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটি ইউনিয়নে মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নিয়েছেন, যাতে তরুণ খেলোয়াড় তৈরি হয়।” হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিরুল ইসলাম আন্টু জানান, “আমাদের সংগঠনের উদ্যোগে প্রতি শুক্রবার এ মাঠে খেলা হয়।” আয়োজকরা জানান, মরহুম হাজী রবিউল ইসলাম বাবরের কর্মময় জীবন থেকে অনুপ্রাণিত হয়ে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা ও ক্রীড়া অনুরাগী পরিষদের অধিনায়ক সাগর হোসেন বলেন, “খেলাধুলার মাধ্যমে মন উৎফুল্ল থাকে ও শরীর সুস্থ থাকে।” পিয়ারপুর হাজী মোহাম্মদ স্পোর্টিং ক্লাবের জমির বলেন, “এর আগে হরিপুরের সঙ্গে খেলিনি, তবে আত্মবিশ্বাস আছে জয়ের।” কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি বলেন, “খেলাধুলার মাধ্যমে যুবসমাজ মাদকাসক্তি থেকে বেরিয়ে এসে শক্তিশালী জাতি গঠনে ভূমিকা রাখবে।” খেলা শেষে মরহুম হাজী রবিউল ইসলাম বাবরের স্মৃতিচারণ করা হয় এবং বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয়রা মনে করেন, এ ধরনের নিয়মিত আয়োজন তরুণদের ইতিবাচক পথে এগিয়ে নিতে এবং সমাজে সুস্থ সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রীতি ম্যাচ শুধু একটি খেলা নয়, বরং যুবসমাজের উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গঠনের এক শক্তিশালী প্রতিশ্রুতি হয়ে উঠেছে।