মিরপুর প্রতিনিধি \ কুষ্টিয়ার মিরপুরে এক যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের মুল্লিকপাড়া কবরস্থান সংলগ্ন মাঠের একটি ধইঞ্চাক্ষেত থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মরদেহটি কুষ্টিয়া শহরের কালিশংকরপুরের বাসিন্দা মৃত জগবন্ধু পালের ছেলে সুতন কুমার পালের বলে জানিয়েছেন তার পরিবার ও পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মাঠ এলাকার একটি ধইঞ্চাক্ষেতে যুবক সুতন কুমারের মরদেহটি দেখে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। যুবকের লাশ উদ্ধারের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পরিবার লাশটি সুতনের বলে দাবি করে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান- খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারণা করা হচ্ছে, মরদেহটি আজকের। প্রাথমিকভাবে তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহটির পরিচয় শনাক্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। নিহত সুতন কুমার পালের পরিবার জানিয়েছেন- সুতন মানসিক রোগী। ইতিপুর্বে সে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি ছিল বলে জানিয়েছে।
