নিজ সংবাদ \ মেয়াদের শর্ত শিথিল করে টিসিবি ডিলারদের লাইসেন্স পুনর্নবায়নের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি তুলে দেন ডিলাররা। জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহমেদ মাহবুবউল ইসলামের হাতে দেয়া স্মারকলিপিতে ডিলাররা ক্ষোভ প্রকাশ করে উল্লেখ করেন- দীর্ঘ সময় ধরে তারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সাধারণ মানুষের কাছে পণ্য পৌঁছে দিচ্ছেন। কিন্তু সম্প্রতি টিসিবি কর্তৃপক্ষ এক নির্দেশনায় জানায়—২০২২ এবং ২০২৬ সালের জুন মাসে যাদের মেয়াদের সময়সীমা শেষ হয়েছে, তাদের লাইসেন্স আর পুনর্নবায়ন করা হবে না। কোনো প্রকার সুনির্দিষ্ট অভিযোগ, অনিয়ম বা কালোবাজারির প্রমাণ ছাড়াই কেবল মেয়াদের দোহাই দিয়ে পুনর্নবায়ন বন্ধ রাখার এই সিদ্ধান্তকে অত্যন্ত হতাশাজনক এবং বৈষম্যমূলক বলে দাবি করেছেন ডিলাররা। মানববন্ধনে ডিলাররা তাদের ৪ দফা দাবি তুলে ধরেন। স্মারকলিপি ও মানববন্ধন কর্মসূচিতে কুষ্টিয়ার স্থানীয় টিসিবি ডিলারদের মধ্যে উপস্থিত ছিলেন মো. ফিরোজুর রহমান, ইজাজুল হোসেন, মোঃ শহিদুল আলম, আরিফুল ইসলাম, মোঃ আমিনুর রহমান লিটন, আনোয়ার হোসেন, আঞ্জুমানারা বেগম, কামাল হোসেন, মাহফুজুর রহমানসহ তালিকাভুক্ত প্রতিনিধিবৃন্দ। উপস্থিত ডিলাররা আশা প্রকাশ করেন, বর্তমান সরকার মানবিক ও প্রশাসনিক দিক বিবেচনা করে প্রান্তিক পর্যায়ের সাধারণ মানুষের স্বার্থে এবং ডিলারদের জীবিকার কথা চিন্তা করে এই ন্যায্য দাবিটি সদয়ভাবে বিবেচনা করবে।
