শফিকুর রহমান \ কুষ্টিয়া সদর উপজেলায় এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের শংকরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত যুবকের নাম আক্তারুজ্জামান ভৈরব (২৫)। তিনি শংকরদিয়া গ্রামের সদর উদ্দিন মন্ডলের ছেলে। বর্তমানে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্র ও আহতের অভিযোগ থেকে জানা যায়, বিকেলে শংকরদিয়া বাজার থেকে অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে পূর্বশত্রুতার জেরে তার ওপর হামলা চালানো হয়। অভিযুক্তরা হলেন একই গ্রামের আছাল মন্ডলের ছেলে শরিফ, তার ছেলে ইমদাদুল এবং দরাফের ছেলে খালেক। ভৈরব অভিযোগ করেন, প্রায় এক বছর আগে তার বাড়িতে লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় শরিফের বিরুদ্ধে মামলা করতে গেলে থানা মামলা নেয়নি। পরে তিনি আদালতের মাধ্যমে মামলা দায়ের করেন। এরপর থেকেই মামলা তুলে নেওয়ার জন্য তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। কিন্তু মামলা প্রত্যাহার না করায় পরিকল্পিতভাবে তার ওপর এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি। হামলার সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এতে তার মাথায় গভীর আঘাত লাগে এবং সেখানে ৯টি সেলাই দিতে হয়েছে। এছাড়া তার ডান পা ভেঙে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।
