শফিকুর রহমান \ কুষ্টিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)’র যৌথ আয়োজনে গতকাল সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে দশটায় কালেক্টরেট চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান বলেন, “সরকার প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপনের উদ্যোগ নিয়েছে। পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে বিআরডিবি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এখান থেকে ঋণ নিয়ে অনেক পরিবার আজ স্বাবলম্বী হয়েছে। এ উদ্যোগকে আরও বিস্তৃত ও কার্যকর করতে হবে।” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শওকত হোসেন ভুঁইয়া এবং বিআরডিবির উপপরিচালক কামরুজ্জামান। বক্তারা বলেন, বর্তমান সরকার পল্লী অঞ্চলের দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। বিআরডিবির মাধ্যমে ঋণ ও প্রশিক্ষণের ব্যবস্থা অনেক পরিবারের ভাগ্য পরিবর্তন করেছে। অনুষ্ঠানে বিআরডিবির সহায়তায় সাবলম্বী হওয়া এনামুল হক ও নারী উদ্যোক্তা ফাতেমা-তুজ জোহরাসহ উপকারভোগীরা তাদের সাফল্যের গল্প তুলে ধরেন। আলোচনা সভা শেষে বিআরডিবি অধীনস্থ সমিতির সদস্যদের মধ্যে ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়। এতে জেলা প্রশাসন, বিআরডিবি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
