কুষ্টিয়ায় ফুটবলপ্রেমী জাপান সমর্থকদের বর্ণাঢ্য র‌্যালি

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

 

নিজ সংবাদ \ এবারের বিশ্বকাপ ফুটবলে জাপানের শিরোপা জয়ের প্রত্যাশায় কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়েছে জাপান সমর্থক গোষ্ঠীর উৎসবমুখর র‌্যালি। মুসতানজিদ মেডিসিটির সৌজন্যে আয়োজিত এই র‌্যালিতে শতাধিক জাপান ফুটবলপ্রেমী অংশ নেন। গতকাল সোমবার সকালে মুসতানজিদ মেডিসিটি থেকে শুরু হয়ে র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। অংশগ্রহণকারীরা জাপানের পতাকা, ব্যানার ও ফেস্টুন বহন করে প্রিয় দলের প্রতি অকুণ্ঠ সমর্থন জানান এবং বিশ্বকাপে জাপানের সাফল্য কামনা করেন। র‌্যালির আগে কুষ্টিয়ার দুই জাতীয় দলের কৃতি ফুটবলারকে জাপানের জার্সি উপহার দেন ডা. এস এম মুসতানজিদ। কৃতি ফুটবলাররা বলেন, বিশ্বকাপের মঞ্চে একদিন বাংলাদেশও খেলবে—এমন স্বপ্ন তাঁরা দেখেন। পারো ফুটবল ক্লাবের নারী ফুটবলার নিলুফা ইয়াসমিন নীলা বলেন, “জাতীয় মহিলা ও পুরুষ দল যেন বিশ্বমঞ্চে খেলতে পারে এবং আমরা নিজেদের পতাকা নিয়ে গর্ব করতে পারি, সেটিই প্রত্যাশা।” ফুটবলার আকরাম হোসেন ব্রাজিল-জাপান ম্যাচে উন্নতমানের খেলা দেখার আশা প্রকাশ করেন। র‌্যালিতে নেতৃত্ব দেন মুসতানজিদ মেডিসিটির চেয়ারম্যান ডা. এস এম মুসতানজিদ। তিনি বলেন, “ফুটবল বিশ্বকে একসূত্রে গাঁথে। খেলাধুলার মাধ্যমে সম্প্রীতি ও সুস্থ বিনোদনের বার্তা ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের উদ্দেশ্য।” তিনি আরও বলেন, “বাঙালি হিসেবে জাপানের প্রতি আমাদের চিরকালীন সমর্থন রয়েছে। কুষ্টিয়ায় জাপানের ফ্যানবেজ গড়ে তুলেছি এবং তাদের নিয়ে অনেক প্রত্যাশা।” র‌্যালির ফলে কুষ্টিয়া জুড়ে ফুটবল উন্মাদনায় নতুন মাত্রা যোগ হয়েছে।