কুষ্টিয়ায় ‘ক্যাশলেস কুষ্টিয়া’ ক্যাম্পেইন অনুষ্ঠিত

এক দেশ এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

 

শফিকুর রহমান \ “এক দেশ এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়েছে ‘ক্যাশলেস কুষ্টিয়া’ ক্যাম্পেইন। গতকাল বুধবার (১৫ জুলাই) কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে পূবালী ব্যাংক পিএলসি’র ইসলামিক ব্যাংকিং উইন্ডো শাখার আয়োজনে এই সচেতনতামূলক অনুষ্ঠান হয়। ক্যাম্পেইনে গ্রাহকদের বাংলা কিউআর কোড ব্যবহার করে সহজ, দ্রুত ও নিরাপদ ডিজিটাল লেনদেনের সুবিধা তুলে ধরা হয়। পূবালী ব্যাংক কুষ্টিয়া শাখার সহকারী ব্যবস্থাপক ইসমাইল হাওলাদার বলেন, “ক্যাশলেস লেনদেন চালু হলে নগদ টাকা বহনের ঝুঁকি থাকবে না। দুষ্কৃতিকারীরা চুরি-ছিনতাইয়ের সুযোগ পাবে না। এছাড়া টাকা ছাপানো, পরিবহন ও ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংকের প্রতি বছর ২০ হাজার কোটি টাকা খরচ বাঁচবে।” ইসলামিক ব্যাংকিং উইন্ডোর ব্যবস্থাপক তাইমুর রহমান বলেন, “মানুষ শিগগিরই ক্যাশলেস লেনদেনের সুবিধা উপলব্ধি করবে। দোকানদাররা দোকানে বাংলা কিউআর কোড ঝুলিয়ে রাখলে ক্রেতারা বিকাশ, নগদসহ যেকোনো অ্যাপ দিয়ে সহজেই পেমেন্ট করতে পারবেন। এতে কাগজের টাকা ছাড়াই নিরাপদ লেনদেন সম্ভব হবে।” ব্যাংক কর্মকর্তারা জানান, বর্তমানে দেশের ১৭টি ব্যাংকে বাংলা কিউআর চালু রয়েছে। ফলে একই কিউআর কোড দিয়ে বিভিন্ন ব্যাংকের গ্রাহক লেনদেন করতে পারবেন। পূবালী ব্যাংকের সিনিয়র অফিসার শামসুর রহমান বলেন, “সরকারের উদ্যোগে চলমান ক্যাশলেস প্রোগ্রামে বাংলা কিউআর নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করবে।” গ্রাহক সাইফুল ইসলাম দবির বলেন, “নগদ টাকা বহন করতে গিয়ে প্রায়ই পকেটমারের শিকার হতে হয়, এমনকি ছুরিকাঘাতের ঘটনাও ঘটে। ক্যাশলেস লেনদেন এই ঝুঁকি থেকে আমাদের মুক্তি দেবে।” আয়োজকরা জানিয়েছেন, নগদহীন অর্থনীতি গড়ে তুলতে এবং ডিজিটাল লেনদেন জনপ্রিয় করতে এ ধরনের ক্যাম্পেইন অব্যাহত থাকবে। বাংলা কিউআরের মাধ্যমে ক্যাশলেস সমাজ গঠনে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।